ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানির চাহিদা মেটাতে ৫০ হাজার টন অকটেন কিনবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
জ্বালানির চাহিদা মেটাতে ৫০ হাজার টন অকটেন কিনবে সরকার ফাইল ছবি

দেশে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।


সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৮তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সভায় ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো যাপিন (বিএসপি) থেকে ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।


জানা গেছে, ২০২৫ সালে আপৎকালীন মোট ৬ লাখ ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন)-এর চাহিদা প্রাক্কলন করা হয়। এ চাহিদার মধ্যে ১ লাখ ২৫ হাজার টন জিটুজি ভিত্তিতে, ১ লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এবং অবশিষ্ট ৪ লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহের পরিকল্পনা করা হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ৫০ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির লক্ষ্যে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ প্রতি ব্যারেল গ্যাসোলিন ৯৫ আনলেডেডের (অকটেন) মূল্য ধরা হয়েছে ৫.২০ ডলার। বিপিসির নিজস্ব বাজেট বরাদ্দ, জ্বালানি তেল বিক্রয়লব্ধ অর্থ এবং অন্য উৎস থেকে ঋণ নেওয়ার মাধ্যমে জ্বালানি তেল আমদানির অর্থায়ন করা হবে।


সূত্র: বাসস


thebgbd.com/NIT