শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন। যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন চলবে।
রেলওয়ে কর্মকর্তারা জানায়, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটে স্পেশাল ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাতে কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে রাত সাড়ে ১০টায়। ১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ সকাল সাড়ে ১১টায় ছেড়ে রাত ৮টায় পৌঁছাবে। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
আবার ৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। এরপর ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকায় আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায় এবং ভোর সাড়ে ৪টায় পৌঁছাবে চট্টগ্রামে।
যেমন থাকবে স্পেশাল ট্রেনের ভাড়া:
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের স্পেশাল ট্রেনের ভাড়া হবে সুবর্ণ বা সোনার বাংলার ভাড়ার মতো।
অন্যদিকে, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের স্পেশাল ট্রেনের ভাড়া হবে কক্সবাজার বা পর্যটক এক্সপ্রেসের মতো।
তবে এসি সিটের জন্য বাড়তি ৩০ শতাংশ এবং নন এসি সিটের জন্য বাড়তি ২০ শতাংশ টাকা গুণতে হবে যাত্রীদের।
পুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেনে যাত্রীদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান।
thebgbd.com/NIT