ভারতের মুম্বাইয়ের অ্যাপল স্টোরে নতুন আইফোন ১৭ কিনতে ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের উপচে পড়া ভিড়ের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। ভয়াবহ ভিড়ের মাঝে কিছু ক্রেতাকে একে অপরকে চড়-থাপ্পড় মারতে দেখা গেছে। নিরাপত্তা কর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমসিম খেয়েছেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর শেয়ার করা ভিডিওতে বান্দা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরের বাইরে বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এনডিটিভি জানিয়েছে, শুক্রবার থেকে ভারতের সব স্টোরে আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু হওয়ায় মুম্বাই ও দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলোতে দীর্ঘ লাইন ও ভিড় দেখা গেছে।
ক্রেতাদের অভিযোগ, নিরাপত্তার অভাবেই বিশৃঙ্খলা হয়েছে। আহমেদাবাদ থেকে আসা মোহন যাদব বলেন, ‘ভোর ৫টা থেকে লাইনে দাঁড়ানো, কিন্তু অনেকেই লাইনের নিয়ম না মেনে সামনের দিকে যাচ্ছেন। নিরাপত্তা কর্মকর্তারা দায়িত্ব নিচ্ছেন না।’
নয়াদিল্লির সাকেতের সিলেক্ট সিটিওয়াক মলে ও বেঙ্গালুরুর স্টোরেও নতুন আইফোনের জন্য ভিড় দেখা গেছে। তবে বেঙ্গালুরুতে বিশৃঙ্খলা তুলনামূলক কম ছিল।
অ্যাপল চলতি মাসে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন এয়ার লঞ্চ করেছে। ভারতে দাম নির্ধারণ করা হয়েছে ৮২,৯০০ রুপি থেকে ২,৩০,০০০ রুপির মধ্যে।
thebgbd.com/NA