রাজধানীর তুরাগের দিয়াবাড়ির কাশবন থেকে এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ১০–১২ দিন ধরে সেখানে পড়ে ছিল। নিহত নারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরা ১৭ নম্বর সেক্টরের দিয়াবাড়ির ১ নম্বর সড়কের জি ব্লক খেলার মাঠসংলগ্ন কাশবনে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁরা পুলিশে খবর দেন। পরে তুরাগ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেন বলেন, মরদেহ এতটাই গলিত ছিল যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি। ফলে পরিচয় শনাক্ত করা যায়নি। শরীরে আঘাতের চিহ্নও বোঝা যাচ্ছে না। তবে পুলিশের ধারণা, ঘটনাটি হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
thebgbd.com/BYB