ঢাকা | বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য পেনশন সেবায় বড় পরিবর্তন আসছে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য পেনশন-সংক্রান্ত নানা জটিলতা নিরসন ও কল্যাণমূলক সেবা বাড়াতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য পেনশন সেবায় বড় পরিবর্তন আসছে ছবি : সংগৃহীত।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য পেনশন-সংক্রান্ত নানা জটিলতা নিরসন ও কল্যাণমূলক সেবা বাড়াতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় সিদ্ধান্ত হয়েছে, শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছরে আনার প্রস্তাব অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে। পাশাপাশি, পুনঃস্থাপনের আগে মৃত্যু হলে তার স্বামী/স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীকে পেনশন সুবিধা দেওয়ার বিষয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।


এছাড়া চিকিৎসা সুবিধায় বড় পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে জটিল রোগে আক্রান্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরাও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন—যা আগে শুধুমাত্র কর্মরতদের জন্য সীমাবদ্ধ ছিল।


প্রবাসী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিদেশের বাংলাদেশ মিশন থেকেই পেনশন-সংক্রান্ত নথি সম্পন্ন করার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উৎসব ভাতা, ইনক্রিমেন্ট, দ্বিতীয় স্ত্রী/স্বামীকে পারিবারিক পেনশনসহ নানা জটিলতা নিরসনে অর্থ বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।


সরকার বলছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ অনেকাংশে বাড়বে।


thebgbd.com/NA