পোপ চতুর্দশ লিও বুধবার গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের আবারো তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা ‘অগ্রহণযোগ্য পরিস্থিতিতে’ বসবাস করছে। ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়।
৭০ বছর বয়সী পোপ এক সাধারণ সমাবেশ শেষে বলেছেন, গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে গভীর সংহতি জানাচ্ছি, যারা এখনো আতঙ্কের মধ্যে বসবাস করছে এবং তারা আবারো জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ হয়ে একটি অগ্রহণযোগ্য পরিস্থিতিতে বসবাস করছে।
পোপ আরো বলেছেন, আবারো যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তিনি বলেছেন, আমার আন্তরিক প্রার্থনায় শরিক হতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে খুব শিগগিরই শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।
সূত্র: এএফপি
এসজেড