উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটা রঙিনই হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য। তবে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলের জয় সহজ ছিল না। এমবাপ্পের জোড়া গোলে জয় পেয়েছে শাবি আলোনসোর শিষ্যরা। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ২০০তম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই অস্বস্তির ছাপ পড়ে রিয়ালের খেলায়। মাত্র ৫ মিনিটেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ডকে। তার জায়গায় বদলি নেমে আসেন দানি কার্ভাহাল, যিনি পরে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ম্যাচের ২২তম মিনিটে মার্শেই এগিয়ে যায় টিমোথি উইয়াহর গোলে। ম্যাসন গ্রিনউডের পাস থেকে পেনাল্টি বক্সের ভেতরে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান মার্কিন ফরোয়ার্ড।
তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই সমতায় ফেরে রিয়াল। ২৯তম মিনিটে বক্সে রদ্রিগোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। কিলিয়ান এমবাপ্পে স্পটকিক থেকে গোল করে ম্যাচে ফেরান দলকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ৭১তম মিনিটে মার্শেই গোলরক্ষক জেরোনিমো রুল্লির সঙ্গে সংঘাতে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কার্ভাহাল। দশ জনের দলে পরিণত হলেও আক্রমণে ভাটা পড়ে না রিয়ালের।
৭৮তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট মার্শেই ডিফেন্ডার ফাকুন্দো মেদিনার হাতে লাগলে আবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়বারের মতো সফল পেনাল্টি নেন এমবাপ্পে।
শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে ছিলেন দাপুটে।
এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ২০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে প্রতিযোগিতাটিতে নতুন মিশনও শুরু হলো জয় দিয়ে, যেখানে জোড়া গোল করে রিয়ালকে জেতালেন কিলিয়ান এমবাপ্পে।
thebgbd.com/NIT