ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হওয়া এবং বন্ড ইল্ড কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম ফাইল ছবি

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৬৮০ ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্স।


সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলারে। সেশনের শুরুতে এটি রেকর্ড ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলার ছুঁয়েছিল। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭১৯ ডলারে।


বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হওয়া এবং বন্ড ইল্ড কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বাজারে বিনিয়োগকারীদের অবস্থানও স্বর্ণের দামে প্রভাব ফেলছে।


রিপোর্টে বলা হয়, ডলার সূচক ০.৩ শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছে, যা অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি ১০-বছরের মার্কিন ট্রেজারি ইল্ডও কমছে।


সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজার প্রায় নিশ্চিত যে ফেডারেল রিজার্ভ বুধবার ২৫ বেসিস-পয়েন্ট সুদের হার কমাবে, যা হবে গত ডিসেম্বরের পর প্রথম হার কমানো। তবে কিছু বিনিয়োগকারী বড় পরিসরে ৫০ বেসিস-পয়েন্ট কমানোর প্রত্যাশাও করছেন।


জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, বছরের শেষ নাগাদ আরও এক থেকে দুইবার সুদের হার কমানো হতে পারে। তার মতে, স্বর্ণের পরবর্তী লক্ষ্য ৩ হাজার ৭০০ ডলার এবং স্বল্পমেয়াদে এটি ৩ হাজার ৭৩০ থেকে ৩ হাজার ৭৪৩ ডলারে পৌঁছাতে পারে।


এদিকে, সপ্তাহান্তে প্রকাশিত তথ্য অনুযায়ী, চীন স্বর্ণ আমদানি ও রপ্তানির নিয়ম শিথিল করতে পারে। সরকারি ও বেসরকারি চাহিদা বৃদ্ধিই সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং।


অন্যদিকে, স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪২ দশমিক ৬২ ডলারে। প্লাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ দশমিক ৭৭ ডলারে। তবে প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ দশমিক ২১ ডলারে।


thebgbd.com/NIT