ঢাকা | বঙ্গাব্দ

জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর, ২০২৫
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ফাইল ছবি



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে নিজের ভোট প্রদান করেন।


ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী ছাড়াও রয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখী, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস, পুরুষ) সাজ্জাদুল ইসলাম ও (এজিএস, নারী) আঞ্জুমান আরা ইকরা। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পারভেজ হাসান নিশান এবং নাট্য সম্পাদক পদে আছেন আমিনুল ইসলাম।


তাদের সঙ্গে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আছেন তাওহিদুর রহমান খান, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট ও (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু। পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে আছেন মমিনুল ইসলাম।


কার্যকরী সদস্য পদে নারী ক্যাটাগরিতে রয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা ও শায়লা সাবরীন নিঝুম। পুরুষ ক্যাটাগরিতে রয়েছেন হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এএম রাফিদুল্লাহ।


এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন।


ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা। ভোট শেষে বিশেষ ওএমআর মেশিনে গণনা করা হবে।


ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট প্রদান করছেন। এবারের নির্বাচনে মোট প্রার্থীর ২৫ শতাংশ নারী এবং ৭৫ শতাংশ পুরুষ। ভিপি পদে কোনো নারী প্রার্থী না থাকলেও জিএস পদে রয়েছেন দুইজন নারী প্রার্থী। চারটি পদে কোনো নারী প্রার্থী নেই এবং  মেয়েদের পাঁচটি হলে ১৫টি পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি।

https://thebgbd.com/BYB