জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১০ নম্বর হলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারেই চলছে ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে হলটি অন্ধকার হয়ে যায়। এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ব্যালট পৌঁছাতে দেরি হওয়ায় প্রায় ৪৫ মিনিট দেরিতে ভোট শুরু হয়।
হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে। জেনারেটরের ব্যবস্থা না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে যে কয়জন ভোটার ভেতরে প্রবেশ করেছেন কেবল তাদের ভোট নেওয়া হচ্ছে। বাকিদের বাইরে রাখা হয়েছে। আশা করছি দ্রুতই বিদ্যুৎ ফিরে আসবে।”
এ অবস্থায় লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, ১০ নম্বর হলে মোট ৫২২ জন শিক্ষার্থী ভোট দেবেন।
উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি হলে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
https://thebgbd.com/BYB