ফিলিস্তিনি গোষ্ঠী হামাস রোববার জানিয়েছে, তারা ‘অবিলম্বে আলোচনার টেবিলে বসতে’ প্রস্তুত। একে তারা ‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষের কিছু ধারণা’ বলে অভিহিত করেছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় জিম্মিদের মুক্তির চুক্তিতে রাজি হওয়ার জন্য হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দেওয়ার পরপরই হমাসের পক্ষ থেকে এই বিবৃতি এলো।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। হামাস এমন যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় এবং সমস্ত বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার টেবিলে অবিলম্বে বসার জন্য প্রস্তুত রয়েছে।’
বিনিময়ে হামাস ‘যুদ্ধের সমাপ্তির স্পষ্ট ঘোষণা, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা উপত্যকা পরিচালনার জন্য স্বাধীন ফিলিস্তিনিদের একটি কমিটি গঠন চায়, যারা অবিলম্বে তাদের দায়িত্ব শুরু করবে।’
সূত্র: এএফপি
এসজেড