ঢাকা | বঙ্গাব্দ

সিনারকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন আলকারাজ

দ্বিতীয়বার ইউএস ওপেন জেতার মাধ্যমে আবারও টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আলকারাজ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
সিনারকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন আলকারাজ ফাইল ছবি

ইয়ানিক সিনারের জয়রথ থামিয়ে আবারও ইউএস ওপেনের মুকুট জিতলেন কার্লোস আলকারাজ। মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয়বার নিউইয়র্কের গ্র্যান্ড স্লাম শিরোপা তুললেন স্প্যানিশ তারকা। ফাইনালে চার সেটে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারালেন প্রতিদ্বন্দ্বী সিনারকে।


টানা তৃতীয়বার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই তরুণ। বিশ্লেষকদের ধারণা ছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু কোর্টে নেমে আলকারাজ দেখালেন একতরফা ম্যাচ। মাত্র দুটি অনিচ্ছাকৃত ভুল সাথে ধারাবাহিক উইনারে প্রথম সেট থেকেই নিয়ন্ত্রণ নেন তিনি। দ্বিতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ালেও তৃতীয় সেটে ভেঙে পড়েন সিনার। হতাশায় র‍্যাকেট ছুঁড়ে ফেলেন ইতালিয়ান তারকা। শেষ সেটে সর্বশক্তি দিয়েও আর ফেরাতে পারেননি ম্যাচ।


এই জয়ে হার্ডকোর্টে সিনারের টানা ২৭ ম্যাচের জয়ের রেকর্ড শেষ করলেন আলকারাজ। শেষ সাত মুখোমুখিতে ছয়টিতেই এখন জয় তার দখলে।


আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল প্রায় আধাঘণ্টা, কারণ গ্যালারিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একবার খেলা শুরু হলে আলকারাজের শৈল্পিক টেনিস দর্শকদের সেই অস্বস্তি ভুলিয়ে দেয়।


দ্বিতীয়বার ইউএস ওপেন জেতার মাধ্যমে আবারও টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আলকারাজ। সেপ্টেম্বর ২০২৩-এর পর এই প্রথম নাম্বার ওয়ান হলেন তিনি। অন্যদিকে, টানা ৬৫ সপ্তাহ শীর্ষে থাকার পর সিংহাসন হারালেন ইয়ানিক সিনার।


মাত্র ২২ বছর বয়সেই আলকারাজের গ্র্যান্ড স্লাম সংখ্যা দাঁড়াল ছয়। উন্মুক্ত যুগে তিন ধরনের কোর্টে একাধিক শিরোপা জেতা মাত্র চারজন খেলোয়াড়ের একজন এখন তিনি। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে দুইবার করে জেতার পর ইউএস ওপেনও জিতলেন দ্বিতীয়বার। সামনে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের স্বপ্নপূরণে।


thebgbd.com/NIT