ঢাকা | বঙ্গাব্দ

সাইকেল দুর্ঘটনায় হাড় ভেঙেছে কোচ এনরিকে

সাইকেল দুর্ঘটনায় কলারবোন (শরীরের হাড়বিশেষ) ভেঙে গেছে পিএসজির কোচ লুইস এনরিকের।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
সাইকেল দুর্ঘটনায় হাড় ভেঙেছে কোচ এনরিকে সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন পিএসজির কোচ লুইস এনরিকে।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ চলায় আপাতত ক্লাব ফুটবলে বিরতি। অবসর উপভোগ করবেন কী, উল্টো বিড়ম্বনায় পড়েছেন পিএসজির কোচ লুইস এনরিকে। গত মৌসুমে পিএসজিকে ঐতিহাসিক ট্রেবল জেতানো কোচ যে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন।


সাইকেল দুর্ঘটনায় কলারবোন (শরীরের হাড়বিশেষ) ভেঙে গেছে পিএসজির কোচ লুইস এনরিকের। গত মৌসুমে প্যারিসিয়ানদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া এই স্প্যানিশ কোচ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুর্ঘটনায় পড়েন। তার অস্ত্রোপচার করানোর কথা জানিয়েছে পিএসজি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে পিএসজি জানায়, শুক্রবারের সাইকেল দুর্ঘটনার পর প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) প্রধান কোচ লুইস এনরিকেকে জরুরি সেবা প্রদান করা হয় এবং তিনি ভাঙা কলারবোনের অস্ত্রোপচার করাবেন। ক্লাব তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত আরোগ্য কামনা করছে। পরবর্তী আপডেট সময়মতো জানানো হবে।'


গত মাসে উয়েফা সুপার কাপে টটেনহ্যামকে হারিয়ে মৌসুম শুরু করেছে পিএসজি এবং লিগ ১ মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষে আছে প্যারিসিয়ানরা।


তাদের পরবর্তী ম্যাচ ১৪ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে।


thebgbd.com/NIT