বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আর ফেরা হয়নি তার। তারপর থেকে লাল-সবুজের জার্সিতেও দেখা যায়নি তাকে।
এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। তাকে সমর্থন দিচ্ছে একটি বড় রাজনৈতিক দল। ফলে প্রশ্ন উঠছে—তামিম সভাপতি হলে সাকিব কি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন?
সাম্প্রতিক এক পডকাস্টে তামিম এ প্রশ্নের জবাবে বলেন, “সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকেরা যদি মনে করেন সে দলে জায়গা পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই তাকে দলে নেওয়া হবে।”
তবে রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি সামনে এনেছেন তামিম। সাকিব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের এমপি। বর্তমানে তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। এ প্রসঙ্গে তামিম বলেন, “দেশের পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে না। তার বিরুদ্ধে মামলা আছে। যদি সে দেশে এসে সেগুলোর মোকাবিলা করতে পারে এবং জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে, তখন অবশ্যই তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান বা পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।”
তামিম আরও স্পষ্ট করে বলেন, “কোর্টে মামলা চালানো বা মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই সত্যি কথা। আমি কিছু লুকাচ্ছি না। এটা তার দেশ, তার ক্যারিয়ার—কী করবে সেটা তাকে-ই সিদ্ধান্ত নিতে হবে।”
https://thebgbd.com/BYB