বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের আশ্বাসে ছয় ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এর আগে বেলা ১১টার দিকে হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে জব্বারের মোড়ে জড়ো হয়ে তারা রেলপথ অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয় ও পূবালী ব্যাংক শাখার প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, গত রোববার যৌথ ডিগ্রীর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের পরদিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। একইসঙ্গে সোমবার সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশও দেওয়া হয়।
তবে বেশিরভাগ শিক্ষার্থী হল না ছাড়ার পাশাপাশি প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ভিসির প্রকাশ্য ক্ষমা প্রার্থনাসহ ছয় দফা দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
thebgbd.com/NA