চলতি বছরের আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগের মাসে (জুলাই) রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি ডলার বা প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪১৪ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়। পুরো অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার জোগানে স্বস্তি এনে দিয়েছে।
thebgbd.com/NA