ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার জজ আদালত স্থগিত করেছেন। এর ফলে ভোট আয়োজন ও নির্বাচন কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, “আমরা চেম্বার জজ আদালতে আবেদন করেছি। আদালত তা আমলে নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। এখন ভোটার তালিকা তৈরি, প্রচারণা ও অন্যান্য কার্যক্রম চলতে পারবে।”
তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগের আদেশের কার্যকারিতা স্থগিত থাকায় ডাকসু নির্বাচন আয়োজন ও পরিচালনায় কোনো বাধা নেই। তবে এসএম ফরহাদের বিষয়ে হাইকোর্ট কোনো আদেশ দেয়নি; আদালত রুল জারি করেছেন। পরিপূর্ণ শুনানি আগামীকাল চেম্বার জজ আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে হাইকোর্টের বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন শিশির মনির, রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
thebgbd.com/NIT