ঢাকা | বঙ্গাব্দ

হুথি প্রধানমন্ত্রী নিহত

ফিলিস্তিনিদের সমর্থনে হুথিদের হামলার জবাবে ইসরায়েল কয়েক মাস ধরে হুথিদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে।
  • অনলাইন ডেস্ক | ৩১ আগস্ট, ২০২৫
হুথি প্রধানমন্ত্রী নিহত আহমেদ গালেব নাসের আল-রাহাবি।

ইয়েমেনে ইসরায়েলি হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি নিহত হয়েছেন। এই সপ্তাহের শুরুতে গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুথি সরকার। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, তাদের হামলায় আহমেদ গালেব নাসের আল-রাহাবি নিহত হয়েছেন।


২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা। ইরান-সমর্থিত হুথিরা প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে। হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গত বছর নিযুক্ত রাহাবি বৃহস্পতিবারের হামলায় অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিহত হয়েছেন।


গাজার ফিলিস্তিনিদের সমর্থনে হুথিদের হামলার জবাবে ইসরায়েল কয়েক মাস ধরে হুথিদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে।


হুথিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা যোদ্ধা আহমেদ গালেব নাসের আল-রাহাবিসহ বেশ কয়েকজন মন্ত্রী ইসরায়েলি হামলায় শহীদ হয়েছে বলে ঘোষণা করছি। ইসরায়েলি বিমান হামলায় যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে বৃহস্পতিবার বিকেল থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’


ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় একটি হুতি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে। রাহাবির মৃত্যুর বিষয়ে তথ্যসূত্রবিহীন ইয়েমেনি গণমাধ্যমের প্রতিবেদনগুলো তখন বিষয়টি নিশ্চিত করেনি। কিন্তু শনিবার, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হামলার সময় ঘটনাস্থলে হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িসহ উপস্থিত আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হয়েছে।’ 


সূত্র: এএফপি


এসজেড