গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডা. সোহান, ডা. জামশেদ আলী ও ডা. সাইফুল আলম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতা-কর্মীরা।
ডা. রফিক নুরের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নূরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
আইসিইউ থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রফিক বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা নুরের ওপর হামলার ভিডিও দেখেছি। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
নুরের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, ‘নুরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে ও চোখে রক্তক্ষরণ হয়েছে, নাকের একটি হাড় ভেঙে গেছে।’
যেকোনো প্রয়োজনে নুর ও তার পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
thebgbd.com/NA