ঢাকা | বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর গণপদত্যাগ

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর গণপদত্যাগ ফাইল ছবি

কেন্দ্রীয় কমিটির অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আদর্শচ্যুতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা ও উপজেলা ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

নেতাকর্মীরা অভিযোগ করেন, তৃণমূলকে উপেক্ষা করে সংগঠনে কমিটি বাণিজ্য, দুর্নীতি, শৃঙ্খলাভঙ্গ ও একক আধিপত্য বিস্তার করা হচ্ছে। শুরুতে নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বললেও বর্তমানে গণঅধিকার পরিষদ সম্পূর্ণ সেখান থেকে বিচ্যুত হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তাদের দাবি, আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকেই তারা সংগঠন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত থেকে বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


thebgbd.com/NIT