ঢাকা | বঙ্গাব্দ

পরকীয়ায় ‘ডুবেছেন’ তরুণ!

অনলাইনে আলাপ হওয়া প্রেমিকার সঙ্গে জীবন কাটানোর জন্য নিজেকে ‘মেরে ফেলা’র ফন্দি আঁটেন রায়ান।
  • অনলাইন ডেস্ক | ২৮ আগস্ট, ২০২৫
পরকীয়ায় ‘ডুবেছেন’ তরুণ! রায়ান বোর্গওয়ার্ড

কায়াকিং করতে গিয়ে ‘নিখোঁজ’ হন এক মার্কিন তরুণ। একটি উল্টে যাওয়া কায়াক এবং লাইফজ্যাকেট উদ্ধার হওয়ার পর পুলিশ ও তার পরিবারের ধারণা হয় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওই তরুণের। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বোর্গওয়ার্ড নামের সেই তরুণ নিখোঁজ ছিলেন ৯০ দিন। তার পর জানা যায় আসলে তিনি মারা যাননি। কেবল মরার ভান করে ছিলেন মাত্র।


অনলাইনে আলাপ হওয়া প্রেমিকার সঙ্গে জীবন কাটানোর জন্য নিজেকে ‘মেরে ফেলা’র ফন্দি আঁটেন রায়ান। গত বছরের আগস্টে রায়ান স্ত্রীকে জানান, তিনি গ্রিন লেকে কায়াকিং করতে যাচ্ছেন। সেদিনের পর তার আর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ কোনও দেহও উদ্ধার করতে পারেনি। ধরে নেওয়া হয় রায়ান হ্রদের গভীর জলে ডুবে গেছেন। পরিবারের লোকেরা তাকে মৃত বলে ধরে নেন। 


প্রায় তিন মাস রায়ান অন্তর্ধান তদন্ত চালায় পুলিশ। সেই তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে পুলিশ জানতে পারে রায়ানের নামে একটি নতুন পাসপোর্ট তৈরি করা হয়েছে। নিখোঁজ হওয়ার আগে জীবন বিমা করেন তিনি। কী ভাবে উধাও হওয়া যায় তা নিয়ে গবেষণাও করেন তিনি। ব্রাউজারে সেই প্রমাণও মিলেছে। কী ভাবে বিদেশি ব্যাঙ্কে সঞ্চয় স্থানান্তর করা যায় সে নিয়েও ইন্টারনেটে অনুসন্ধান করেন রায়ান। 


প্রেমিকার সঙ্গে উজবেকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। পুলিশ যখন তাকে খুঁজে পায় তখন রায়ান পালিয়ে জর্জিয়ায় আশ্রয় নিয়েছেন। পরে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। আদালতে মামলা শুরু হয়। শেষ পর্যন্ত তাকে ৮৯ দিনের কারাদণ্ড দেওয়া হয়। কারণ রায়ান ঠিক ৮৯ দিন মৃত সেজে প্রতারণা করেন। ফিরে আসার পর রায়ানের স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করেন। 


রায়ানের জন্য অনুসন্ধান আট সপ্তাহ ধরে চলে। সেই কাজে কমপক্ষে ৫০ হাজার ডলার খরচ হয়েছে বলে জানা গিয়েছে। এই কারণে কারাদণ্ড ছাড়াও রায়ানকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। রায়ান আদালতে দাবি করেছেন, তিনি তার প্রিয়জনদের কষ্ট দেওয়ার জন্য অনুতপ্ত।


সূত্র: বিবিসি


এসজেড