সোমবার রাতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ঘটনাটির সাক্ষী হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগে একজনকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর রায়হান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীত পাশে ফ্যামিলি ফ্যাশন নামে ওই শো-রুমের স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে মারধরের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাতে তুলে দেয়।'
অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
'এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন, সেখানে ফরহাদকে আসামি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমরা ১০ দিনের রিমান্ড আবেদন করেছি। এখনো শুনানি তারিখ নির্ধারিত হয়নি,' বলেন রায়হান।
দোকানের সিসিটিভি ক্যামেরা ও স্টোরেজ সিস্টেম জব্দ করা হয়েছে জানিয়েছে রায়হান আরও বলেন, 'দোকানের বাকি কর্মচারীরা পলাতক। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।'
'আদালত রিমান্ড মঞ্জুর করলে আমরা জানার চেষ্টা করব কেন তারা এ ধরনের ফুটেজ সংগ্রহ করছিলেন,' বলেন এই পুলিশ কর্মকর্তা।
thebgbd.com/NIT