ঢাকা | বঙ্গাব্দ

রাতে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

প্রকৌশল অধিকার আন্দোলন আয়োজিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যমুনা অভিমুখে পদযাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রকৌশল শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট, ২০২৫
রাতে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ ছবি : সংগৃহীত।

প্রকৌশল অধিকার আন্দোলন আয়োজিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যমুনা অভিমুখে পদযাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রকৌশল শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে দুঃখপ্রকাশ করেন তিনি।

এছাড়া আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় আগামীকাল (বৃহস্পতিবার) তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, রংপুরের ঘটনায় এরই মধ্যে জিডি হয়েছে। তারা আসামিকে খোঁজার চেষ্টা করছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আগামীকাল আমি একটা তদন্ত কমিটি করব।

এর আগে রাতে দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে ফাওজুল কবির বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এর জন্য পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন।

এর আগে আজ দুপুর দেড়টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

thebgbd.com/NA