নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট গত মৌসুমে বিস্ময় তৈরি করেছিল ইউরোপের ফুটবলে। অখ্যাত এই ক্লাবটি ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছিল। সেমিফাইনালে টটনহ্যাম হটস্পারের কাছে থামলেও এবার তারা জায়গা করে নিলো আরও বড় মঞ্চে। এই মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বোডো/গ্লিমট। শুধু নরওয়ের চারবারের চ্যাম্পিয়ন এই ক্লাবই নয়, এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো খেলতে আসছে আরও তিন ক্লাব।
গতকাল (মঙ্গলবার) রাতে ছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় লেগের খেলা। আর এই ম্যাচগুলোয় সমীকরণ মিলিয়ে ইতিহাস গড়েছে তিন ক্লাব–বোডো/গ্লিমট, পাফোস ও কাইরাত আলামাটি। প্রথমবারের মতো এই ক্লাব তিনটি খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।
বোডো/গ্লিমট (নরওয়ে):
নরওয়ের চারবারের চ্যাম্পিয়ন বোডো/গ্লিমট গতকাল রাতে অস্ট্রিয়ান ক্লাব এসকে স্টড়াম গ্রাজের কাছে ২-১ গোলে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থাকায় মূল পর্বে পা রেখেছে। ঘরের মাঠে প্রথম লেগে নরওয়ের ক্লাবটি জয় পেয়েছিল ৫-০ ব্যবধানে।
২০০৭-০৮ সালের পর এই প্রথম নরওয়ের কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত বোডো/গ্লিমটের ঘরের মাঠ আস্পমিরা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৮ হাজার ২৭০। গত মৌসুমে ইউরোপা লিগে চমক দেখিয়েছিল ক্লাবটি। শেষ পর্যন্ত সেমিফাইনালে আর পেরে ওঠেনি সেই আসরে চ্যাম্পিয়ন হওয়া টটেনহ্যামের কাছে।
পাফোস (সাইপ্রাস):
এবারের আসরের আরেক নবাগত পাফোসের গল্প আরও বিস্ময়কর। সাইপ্রাসের এই ক্লাব প্রতিষ্ঠিতই হয়েছে মাত্র ১১ বছর আগে। গতকাল প্লে-অফের দ্বিতীয় লেগে পাফোস সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ম্যাচের ৮৯ মিনিটে সমতাসূচক গোলে ভাগ্য খোলে পাফোসের। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল সাইপ্রিয়ট ক্লাবটি।
এর আগে দ্বিতীয় ও তৃতীয় কোয়ালিফায়িং রাউন্ডে তারা হারিয়েছে ইসরায়েলের ক্লাব ম্যাকাভি তেল আবিব ও ইউক্রেনের ডায়নামো কিয়েভকে।
সাইপ্রাসের তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে পাফোস। এর আগে দেশটির অপর দুই ক্লাব অ্যাপোয়েল আর আনোরথসিস ফামাগুস্তা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। পাফোস অখ্যাত ক্লাব হলেও ক্লাবটিতে খেলছেন এক বিখ্যাত ফুটবলার। চেলসি ও আর্সেনালের সাবেক ব্রাজিলিয়ান সেন্টারব্যাক ডেভিড লুইজ খেলছেন ক্লাবটির হয়ে।
কাইরাত আলমাটি (কাজাখস্তান):
এদিকে সাবেক ইউরোপসেরা সেল্টিক হয়েছে অঘটনের শিকার। গত রাতে স্কটিশ জায়ান্টদের টাইব্রেকারে হারিয়ে দিয়েছে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাটি। ৩-২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো ইউরোপের সেরা প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে।
গতকাল রাতে ঘরের মাঠ ওরতালিক স্টেডিয়ামে গোলশূন্যভাবে খেলা শেষ হয়। এর আগে প্রথম লেগেও একই ব্যবধানে খেলা শেষ হওয়ায় ফলাফলের জন্য ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানেই কাজাখ চ্যাম্পিয়নদের বাজিমাত।
দ্বিতীয় কাজাখ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে কাইরাত। এর আগে এর আগে ২০১৫-১৬ মৌসুমে প্রথম কাজাখ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলেছিল আস্তানা।
জিলোয়া (বেলজিয়াম):
এই তিন ক্লাব ছাড়া আরও এক ক্লাব এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। তবে সে জন্য তাদের বাছাই পর্ব পাড়ি দিতে হয়নি। বেলজিয়ান প্রো লিগে চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরিই ইউরোপসেরার মঞ্চে জায়গা পেয়েছে জিলোয়া।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়িং রাউন্ডের প্লে-অফের ম্যাচ আছে আজও। রাতে কারাবাখ এফসি মুখোমুখি হবে ফেরেঙ্কভারোসের, ক্লাব ব্রুগের প্রতিপক্ষ রেঞ্জার্স। পর্তুগালের জায়ান্ট বেনফিকা মুখোমুখি হবে তুরস্কের ক্লাব ফেনেরবাচের। এছাড়া কোপেলহেগেন খেলবে বাসেলের বিপক্ষে।
আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোয় হবে এবারের আসরের গ্রুপ পর্বের ড্র। আর প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
thebgbd.com/NIT