চীন সরকারের আমন্ত্রণে চীনের উদ্দেশে রওনা হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ শীর্ষ নেতা। এরইমধ্যে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে আছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটে চীনের উদ্দেশে রওনা হবেন এনসিপির নেতারা। দলটি প্রতিষ্ঠার পর এটাই তাদের প্রথম বিদেশ সফর।
সফরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আরও যাচ্ছেন সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহবায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
এদিকে, বিমানবন্দরে নাহিদ সাংবাদিকদের বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপির এই সফর। চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই সফর আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সফরের মধ্য দিয়ে চীনের জনগণের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে।
তিনি জানান, সফরকালে চীনের দুটি শহরে যাবেন। এছাড়া চীনের গুরুত্বপূর্ণ স্থানেও ভিজিট রয়েছে। সফরটি মূলত সাংস্কৃতিক এবং রাজনৈতিক। এসময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন বলেও জানান নাহিদ।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আধুনিকায়নের বিষয়ে এনসিপির নেতাদের ধারনা দিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর বিএনপি ও জামায়াতের নেতারা চীন সফর করেছেন। আজ এনসিপির উচ্চ পর্যায়ের নেতারা সফর করবেন। চীন বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়।
thebgbd.com/NA