শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রীয় তহবিল অপচয়ের অভিযোগে গ্রেপ্তারের চার দিন পর আজ জামিন পেয়েছেন। ২০২৩ সালে হাভানায় জি-৭৭ শীর্ষ সম্মেলন এবং নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের পর ফেরার পথে ব্রিটেনে যাত্রাবিরতিতে সরকারি তহবিল থেকে ৫৫ হাজার ডলার অপব্যয়ের অভিযোগে ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে শুক্রবার গ্রেপ্তার হন।
কড়া নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট নীলুপুলি লঙ্কাপুরা সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার সকালে বিক্রমাসিংহের সমর্থনে আদালতের বাইরে কয়েকশ’ বিক্ষোভকারী জমায়েত হলেও দাঙ্গা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। গত শুক্রবার হেফাজতে নেওয়ার পর বিক্রমাসিংহের ডিহাইড্রেশন শুরু হলে প্রথমে কারাগারের একটি হাসপাতালে এবং পরে সরকারি প্রধান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, বিক্রমাসিংহের শারীরিক অবস্থা স্থিতিশীল।
আজ কলম্বোর জাতীয় হাসপাতালের বেডে থাকা অবস্থায় ভিডিও লিঙ্কের মাধ্যমে জামিন শুনানিতে অংশ নেন রনিল বিক্রমাসিংহে। সেখানে তাকে সশস্ত্র পাহারায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ২৯ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড