ইসরায়েলি বাহিনী রোববার গাজায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর গাজায় নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর ওই হামলায় নিহতের সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজা শহরের আশেপাশে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। শহরটি দখল করার জন্য সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল আল-সাবরায় হামলা চালিয়েছে এবং হামলায় আটজন নিহত হয়েছে। তিনি বলেন, ভূখণ্ডের অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া গেছে, ‘নিহতের সংখ্যা বর্তমানে ৪২ জনে দাঁড়িয়েছে’। ইসরায়েল তাৎক্ষণিকভাবে এই সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
আল-সাবরার বাসিন্দা ইব্রাহিম আল-শুরাফা এএফপিকে বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন, প্রতি মিনিটে, বোমা হামলায় শহীদ, মৃত্যু এবং রক্তপাত হচ্ছে। আমরা আর এটা সহ্য করতে পারছি না। তিনি আরও বলেন, হামলা এবং গোলাগুলি অব্যাহত রয়েছে। গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে নিহতরে সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং অন্যান্য পক্ষের দেওয়া বিবরণ যাচাই করতে পারেনি।
সূত্র: এএফপি
এসজেড