ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্তজ গাজায় বন্দী থাকা ব্যক্তিদের মুক্তির জন্য বিরোধী দলের সদস্যদের সঙ্গে একটি ঐক্যের সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেতানিয়াহুর জোট সরকার যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যেকোনো চুক্তি করার বিরোধিতাকারী অতি-ডানপন্থী সদস্যদের সমর্থনের ওপর নির্ভরশীল। গ্যান্তজ একটি অস্থায়ী জোটের প্রস্তাব করেন, যা অতি-ডানপন্থী দলগুলোকে পাশ কাটিয়ে জিম্মি চুক্তি করবে।
তিনি এক টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, ‘এখানে সেই সব জিম্মিদের পক্ষে আছি যাদের কোনও কণ্ঠস্বর নেই। এখানে সেই সব সেনাদের পক্ষে, যারা চিৎকার করছে এবং যাদের কথা এই সরকারের কেউ শুনছেন না। আমাদের রাষ্ট্রের কর্তব্য হল প্রথম এবং সর্বাগ্রে ইহুদি ও সকল নাগরিকের জীবন রক্ষা করা।’
তিনি বিরোধী দলের সহ-নেতা ইয়ার ল্যাপিদ ও আভিগদোর লিবারম্যানকে এই প্রস্তাবটি বিবেচনা করার আহ্বান জানান। বিরোধী দলের প্রধান ল্যাপিদ ও লিবারম্যান উভয়ই এর আগে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগদান প্রত্যাখ্যান করেছেন। ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি করার জন্য আইন প্রণয়নের বিষয়ে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন হারানোর ফলে সংসদের গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর নেতানিয়াহুর জোট ভেঙে যাওয়ার ঝুঁকির সম্মুখীন।
সূত্র: এএফপি
এসজেড