জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী রোববার (২৪ আগস্ট) ভোটের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া বৈঠকে অংশ নেন চার নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিকেল ৫টার দিকে বৈঠকের বিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, রোডম্যাপ নিয়ে আলোচনা চলছে। আশা করছি, রোববার ব্রিফ করা সম্ভব হবে।
বৈঠকের শুরুতেও তিনি সাংবাদিকদের জানান, আমরা জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছি। যেহেতু বিষয়গুলো ব্যাপক এবং বিস্তারিত, তাই আলোচনার জন্য আরও সময় লাগতে পারে। রোববার বা সোমবারের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি।
তিনি আরও জানান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সার্বিক অগ্রগতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনকে অবহিত করা হবে এবং পরে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করা হবে।
thebgbd.com/NA