বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে বুধবার (২০ আগস্ট) থেকে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে, যা বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিএ-এর এক চিঠিতে জানানো হয় যে, হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ এবং কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ অন্তর্ভুক্ত।
জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী সংকুচিত হয়ে পড়ছে, যা পরিবেশ এবং নৌ-নিরাপত্তার জন্য বড় হুমকি। এই কারণে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হচ্ছে। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
thebgbd.com/NA