দেশ জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
সেনাপ্রধান বলেন, “দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, যা আগে হয়নি। তাই জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে।”
তিনি সেনা সদস্যদের উদ্দেশে আরো বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং কোনোভাবেই প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া তথ্য প্রচার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেন, “বিভ্রান্তিকর বার্তা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে।”
তিনি আরো যোগ করেন, “দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।”
thebgbd.com/NA