বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ কমে যাওয়া এবং আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ দুর্বল হয়ে পড়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নাম হবে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইপিবির ১৪৮তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কেন নাম পরিবর্তনের সিদ্ধান্ত?
সভায় জানানো হয়, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা' আন্তর্জাতিক ও দেশীয় ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে আয়োজিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি অংশগ্রহণকারীদের সংখ্যা কমে গেছে, ফলে মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই বাস্তবতায় মেলার নাম থেকে 'আন্তর্জাতিক' শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, রপ্তানিমুখী শিল্প খাত ও উৎপাদকদের জন্য বৈশ্বিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজন করবে ইপিবি। নভেম্বর মাসে আয়োজিতব্য এই মেলার নাম হবে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “সোর্সিং মেলা আয়োজন না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে না, আমাদের সক্ষমতাও তৈরি হবে না।” তিনি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে মেলার প্রচারণা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভীর রহমান।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের আন্তর্জাতিক মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডারও অনুমোদন দেওয়া হয়।
thebgbd.com/NA