চাঁদাবাজি ও অপরাধ দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, “চাঁদাবাজ যেই হোক, পরিচয় যত বড়ই হোক, এবং যে দলেরই হোক—কাউকে ছাড় দেওয়া হবে না।”
সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, গুলশান থেকে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকে গ্রেপ্তারের ঘটনাই সরকারের বার্তা বহন করে—আইনের চোখে সবাই সমান।
তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে, যা ধাপে ধাপে চলবে। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
মাদকের বিষয়ে উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদক যারা বহন করে, শুধু তারাই ধরা পড়ছে। কিন্তু যারা গডফাদার, তারা ধরা পড়ছে না। অনেকক্ষেত্রে অসহযোগিতা পাওয়া যাচ্ছে। তবে সরকার চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও যোগ করেন, সুশাসন নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
thebgbd.com/NA