ঢাকা | বঙ্গাব্দ

নতুন সংবিধানের ঘোষণা দিয়ে গণকল্যাণমুখী রাষ্ট্র গঠনের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি গণকল্যাণমুখী নতুন রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জুলাই, ২০২৫
নতুন সংবিধানের ঘোষণা দিয়ে গণকল্যাণমুখী রাষ্ট্র গঠনের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি : সংগৃহীত।

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি গণকল্যাণমুখী নতুন রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই দেশ আমাদের, জনগণের জন্যই আমরা নতুন সংবিধান তৈরি করব ইনশাআল্লাহ।”


রোববার (২৭ জুলাই) দুপুর ১২টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে এবং তরুণদের নেতৃত্বে গড়ে উঠছে নতুন সমাজ ব্যবস্থা।


তিনি বলেন, “নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন একটি গণপরিষদ নির্বাচন, যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করে তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র কাঠামোর রূপরেখা দেবে।”


বন্যাকবলিত নেত্রকোনা অঞ্চলের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “এই জেলাকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে এনসিপির বিকল্প নেই। ইনশাআল্লাহ, আমরা জনগণের কল্যাণেই কাজ করব।”


এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে জেলা শহরে কর্মসূচি পালনের অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করেন। পরে তারা পুরাতন কালেক্টরেট মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।


সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারজিস আলম। পরে নেতারা শহীদ মিনারে পদযাত্রা শেষে শেরপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।


thebgbd.com/NA